বোয়ালখালী প্রতিনিধি:
টানা ভারী বর্ষণে পানিবন্দী হয়ে পড়া চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ২৫টি অসহায় পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৮ জুলাই) দিনভর উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। সন্ধ্যায় তিনি শাকপুরা ইউনিয়নের ঘোষখীল গ্রামের ষাটোর্ধ্ব সানোয়ারা বেগমের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেন।
টানা তিন দিনের বৃষ্টিতে বাড়ির আঙিনা ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় ঘরবন্দী হয়ে পড়েন সানোয়ারা বেগম। একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তিনি একাই বসবাস করেন। খাদ্য সহায়তা পেয়ে তিনি উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা প্রশাসন জানায়, সানোয়ারা বেগম ছাড়াও আরও ২৪টি পানিবন্দী পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, চিড়া, মুড়ি, বিস্কুট, ওরস্যালাইন, মোমবাতি ও দেশলাইসহ প্রয়োজনীয় শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এর আগে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ, ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা নিশ্চিত করা এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, "উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। একই সঙ্গে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য কালভার্ট ও নালার প্রতিবন্ধকতা অপসারণে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।"
সভায় সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল হোসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।