বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জমিজমা-সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে হত্যার ঘটনায় নিহতের মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হত্যা মামলার প্রধান আসামি ছোট ভাই এখনও পলাতক।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরার ঘোষখীল গ্রামে এ ঘটনা ঘটে। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে বোয়ালখালী থানায় হত্যা মামলা দায়ের করলে অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত মো. নেজাম উদ্দিন (৩৮) ঘোষখীল গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। তিনি শাকপুরার লালারহাট এলাকায় একটি মুদির দোকান পরিচালনা করতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে নেজাম উদ্দিনের সঙ্গে পরিবারের বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে বাড়িতে কাজ চলার খবর পেয়ে সেখানে গেলে ছোট ভাই মো. জামাল উদ্দিন সুমনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন কোদাল দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাম্মৎ পারিয়া তানহা মাইমা বাদী হয়ে দেবর মো. জামাল উদ্দিন সুমনকে প্রধান আসামি এবং শাশুড়ি হালিমা বেগম (৭০) ও দেবরের স্ত্রী সানজিদা আক্তার পপি (২৬)-কে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি জামাল উদ্দিন সুমনকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে যাচ্ছে।