পটিয়া প্রতিনিধি ||
চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সমাজসেবক, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এবং কেলিশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিনের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মান্নান, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ জাহাঙ্গীর, মামুন ও দীপু দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে শিক্ষকরা বলেন, একজন প্রাক্তন শিক্ষার্থীর পক্ষ থেকে শিক্ষকদের সম্মান জানিয়ে এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজক সমাজসেবক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন,যে শিক্ষা প্রতিষ্ঠান আমাকে গড়ে তুলেছে, সেই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাতেই আমার এই ক্ষুদ্র আয়োজন। ভবিষ্যতেও বিদ্যালয়, শিক্ষার্থী এবং এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষকরা আয়োজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।