বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে রেললাইনের পাশে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে ঘর্ষণে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি দরজা খুলে পড়ে দুই যাত্রী আহত হয়েছেন।
সোমবার দুপুর পৌনে ১টার দিকে বোয়ালখালী পৌর সদরে থানার নতুন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে পার্ক করে রাখা ছিল সিএনজিচালিত টেম্পোটি। কক্সবাজারের দিকে যাচ্ছিল পর্যটক এক্সপ্রেস। ট্রেনটি ওই স্থান অতিক্রম করার সময় টেম্পোটির সঙ্গে ঘর্ষণ হয়। এতে টেম্পোটির একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ট্রেনের একটি দরজা খুলে পড়ে।
এ সময় ট্রেনের দুই যাত্রী আহত হন। তাঁদের মধ্যে এক শিশু রয়েছে।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল তারেক বলেন, “ঘর্ষণের ঘটনায় পর্যটক এক্সপ্রেসের ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। শিশুসহ দুই যাত্রী আহত হয়েছেন।”
তিনি বলেন, দুর্ঘটনার জন্য দায়ী টেম্পোটি (চট্টমেট্রো-ফ ১১-০৪১৬) এবং খুলে পড়া দরজাটি হেফাজতে রাখা হয়েছে।
রেলওয়ের পয়েন্টম্যান রফিকুল ইসলাম বলেন, “রেললাইনের পাশে গাড়ি পার্ক করে রাখার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। খুলে পড়া দরজাটি উদ্ধার করে গোমদণ্ডী স্টেশনে রাখা হয়েছে।”
আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।