বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে বসতঘরের বারান্দা থেকে ২৫টি ডিমসহ প্রায় পাঁচ ফুট দীর্ঘ একটি বিষধর পদ্ম গোখরো সাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঠাকুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই এলাকার বিপ্লবের বসতঘরের বারান্দায় বস্তাভর্তি বালি ও ভাঙা ইটের টুকরো স্তূপ করে রাখা ছিল। সেখান থেকে বালি নিতে গেলে পরিবারের সদস্যরা সাপটি দেখতে পান।
পরে খবর পেয়ে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।
আমীর হোসাইন শাওন বলেন, “সাপটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট। এটি একটি বিষধর পদ্ম গোখরো। সাপটির সঙ্গে ২৫টি অক্ষত ডিম ও একটি খোলস পাওয়া গেছে।”
তিনি বলেন, “ডিমগুলো নষ্ট না করে প্রাকৃতিকভাবে ফোটানোর জন্য নিরাপদ স্থানে রাখা হয়েছে। সাপটিকে পরে জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।”