বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
পরিবারের হাল ধরতে প্রায় তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন মো. জামশেদুল ইসলাম (আলাউদ্দিন)। স্বপ্ন ছিল প্রবাসে পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটাবেন। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। নির্মাণকাজ করতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন ২৫ বছর বয়সী এই তরুণ।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত জামশেদুল ইসলাম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী আব্দুস সালামের বাড়ির মো. নজরুল ইসলামের ছেলে। ছয় বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। আবুধাবির মুসাফ্ফা এলাকায় বসবাস করতেন তিনি।
নিহতের ভাগিনা মো. জোবায়েত জানান, গত ১৬ আগস্ট আবুধাবির মুসাফ্ফা এলাকা থেকে আল আইন এলাকায় নির্মাণকাজ করতে যান জামশেদুল। সেখানে একটি ভবনে কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান।
পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে আইসিইউতে রাখা হয়। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার বিকেলে না ফেরার দেশে চলে যান তিনি।
জামশেদুলের মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া। প্রিয় স্বজনকে জীবিত ফিরে পাওয়ার অপেক্ষার বদলে এখন তাঁর মরদেহ দেশে ফেরার অপেক্ষায় পরিবার।
জামশেদুলের মৃত্যুর বিষয়টি শনিবার বিকেলে নিশ্চিত করেন তাঁর বোনের স্বামী ইসহাক মিয়া। তিনি জানান, এ সপ্তাহের মধ্যে তাঁর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।