প্রতিনিধি: মুহাম্মদ আকতার উদ্দিন
দেশের সকল প্রাইভেট মাদ্রাসার পরিচালক ও পরিচালনা পরিষদের প্রতি শিশু সুরক্ষা, নৈতিক শিক্ষা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন।
এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি হাফেজ বা ধর্মীয় শিক্ষক পরিচয়ে বিভিন্ন প্রাইভেট মাদ্রাসায় চাকরি নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও যৌন সহিংসতার মতো জঘন্য অপরাধে জড়িয়ে পড়ছে। এ ধরনের অপরাধ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের নয়, বরং ইসলাম, মাদ্রাসা শিক্ষা ও পুরো সমাজের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।
তিনি বলেন, একজন চরিত্রহীন শিক্ষক শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। তাই শিক্ষক নিয়োগে শুধু সুন্দর কণ্ঠ বা কম বেতনের বিষয় বিবেচনা না করে তার চরিত্র, পূর্ববর্তী কর্মস্থলের রেকর্ড, সামাজিক গ্রহণযোগ্যতা ও নৈতিকতা যাচাই করা অপরিহার্য।
পরিচালকগণের প্রতি সুপারিশ
শিক্ষক নিয়োগের আগে পূর্ববর্তী প্রতিষ্ঠানের তথ্য ও চরিত্র যাচাই।
আবাসিক ও অনাবাসিক সকল শিক্ষকের সঙ্গে নিয়মিত নৈতিকতা ও আইনবিষয়ক বৈঠক।
প্রতিটি মাদ্রাসার গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন।
শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণে নিরাপদ ব্যবস্থা গড়ে তোলা।
কোনো ঘটনা গোপন না রেখে দ্রুত থানায় ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা।
মুহাম্মদ আকতার উদ্দিন আরও বলেন, “শত কু-শিক্ষকের চেয়ে একজন চরিত্রবান শিক্ষকই একটি মাদ্রাসার জন্য যথেষ্ট। প্রতিটি শিক্ষার্থী আমাদের আমানত—তাদের নিরাপত্তা নিশ্চিত করা পরিচালক, শিক্ষক ও অভিভাবক সবার ঈমানি দায়িত্ব।”
তিনি দেশের সকল প্রাইভেট মাদ্রাসার পরিচালকগণের প্রতি বর্তমান আইন মেনে শিশুদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও আদর্শ শিক্ষার পরিবেশ গড়ে তোলার জোর আহ্বান জানান।