বোয়ালখালী প্রতিনিধি:
রাতের বেলায় অপ্রয়োজনে সন্তান ও স্বজনদের বাইরে থাকা নিয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। রাত ১২টার পর রাস্তায় কে ঘোরে—এমন প্রশ্ন অনেকেই করেন। আসলে আপনার ভাতিজা, ভাই কিংবা ভাগিনা হয়তো বাইরে থাকে। তাই সন্তান ও স্বজনেরা যেন অপ্রয়োজনে রাতে বাইরে না থাকে, সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাকপুরা ইউনিয়নে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে এসব কথা বলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
তিনি বলেন, মাদকসেবী ও মাদক বিক্রেতাদের উদ্দেশে আজকের সভা থেকে বার্তা—আজ থেকে ভালো হয়ে যান। মাদকসেবনের কারণে শুধু পরিবারের কাছে নয়, সমাজের মানুষ ও গ্রামের মানুষের কাছেও অপমানিত ও লাঞ্ছিত হতে হবে। একসময় মাদকাসক্তি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।
মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন স্কুল-প্রতিষ্ঠান ও প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।
শাকপুরা ইউনিয়নে আয়োজিত কর্মসূচিতে স্থানীয়দের পাশাপাশি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সরোয়ার আলমগীর, হাজী পেয়ার মোহাম্মদ, জাহাঙ্গীর কবির চৌধুরী, এস এম রবিউল হাসান ইকবাল, যুবদল নেতা মো. শরীফ ও মো. সিরাজ, স্বেচ্ছাসেবক দল নেতা এস এম মতিউর রহমান রাসেল, শ্রমিকদলের আবদুস সাত্তার, মৎস্যজীবী দলের মো. জাহেদ ও হাজী মো. খোরশেদ।
এছাড়া হাজী আবদুল্লাহ, আবুল কালাম সওদাগর, মো. শাহেদ, মো. সিরাজ, মোহরম আলী, মো. জসিম, জাহেদ হোসেন, কাজী আবদুল খালেক, লতিফ, মানিক, হাসান, সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম, এসআই মো. আলী আকবর ও এএসআই মো. শামীম আহসান উপস্থিত ছিলেন।