বোয়ালখালী প্রতিনিধি:
‘জ্ঞানেই গড়বে উজ্জ্বল ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে প্রত্যয় কোচিংয়ের আয়োজনে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ফলাফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে প্রত্যয় কোচিং প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। পাশাপাশি উচ্চশিক্ষার প্রস্তুতি ও ভবিষ্যৎ গড়ার বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন ইংরেজি প্রভাষক হারুনুর রশীদ, ধলঘাট কলেজের আইসিটি প্রভাষক জিয়াউল হক বাবলু, মহেশখালী কলেজের বায়োলজি প্রভাষক আব্দুল ওয়াজেদ সজল, পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক এরশাদ হোসাইন ও সামাজিক বিজ্ঞানের শিক্ষক সিরাজ।
বক্তারা বলেন, ভালো ফলাফল শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে এ ফলাফলকে সামনে রেখে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। উচ্চশিক্ষার প্রতিটি ধাপে লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যাওয়ার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন প্রত্যয় কোচিংয়ের রসায়ন ও পদার্থবিজ্ঞানের শিক্ষক মীনার, গণিত শিক্ষক এমদাদ, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক সাজ্জাদ ও রোহান, ইংরেজি শিক্ষক সায়মন এবং মানবিক ও বাংলা বিভাগের শিক্ষক তৌহিদ। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাম্মদ এসকান্দর।
পরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানের শেষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।