ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) বাংলাদেশ চ্যাম্পিয়নসের অভিষেক ম্যাচটি স্থগিত করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও ‘কারিগরি কারণে’ তা স্থগিত করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ডব্লিউসিএলের আয়োজকদের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, ‘৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) নির্ধারিত পাকিস্তান চ্যাম্পিয়নস বনাম বাংলাদেশ চ্যাম্পিয়নস ম্যাচটি কারিগরি কারণে স্থগিত করা হয়েছে। ম্যাচটি নিয়ে পরবর্তী আপডেট শিগগিরই জানানো হবে।’
তবে ধারণা করা হচ্ছে, পাকিস্তান চ্যাম্পিয়নস দলের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিলতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ডব্লিউসিএলের অধিনায়কদের ফটোসেশনে বাংলাদেশের ইমরুল কায়েস, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ভারতের হরভজন সিং এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে একসঙ্গে দেখা গেলেও পাকিস্তানের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
ডব্লিউসিএলের তৃতীয় আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। এবারের আসরের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে টুর্নামেন্টের শক্তিশালী একটি স্কোয়াড ঘোষণা করা হয়েছে। যেখানে নাসির হোসেন, রুবেল হোসেন, রনি তালুকদার ও ইমরুল কায়েসদের মতো তারকা ক্রিকেটারদের রাখা হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ স্থগিত হলেও সূচি অনুযায়ী ৫ অক্টোবর ইংল্যান্ড চ্যাম্পিয়নসের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশের। এরপর ৭ অক্টোবর অস্ট্রেলিয়া, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ১১ অক্টোবর ভারত এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসের বিপক্ষে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ চ্যাম্পিয়নস স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), রুবেল হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদার, নাসির হোসেন, আরাফাত সানী, কামরুল ইসলাম রাব্বী, জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, আবু জায়েদ চৌধুরী ও ফজলে মাহমুদ রাব্বী।