ফুটপাত যেখানে দখল হবে, সেখানে উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় নগর সেবা নিশ্চিত করা এবং নগরবাসীর চলাচলের সুবিধার জন্য সিটি করপোরেশনের কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই বলেও জানান তিনি।
আজ শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ফুটপাত উচ্ছেদ করতে কাউকে জানাতে হবে কি না, এমন কোনো আইন বা বিধি থাকলে তা তাকে দেখাতে হবে।
ফুটপাত দখলমুক্ত অভিযান প্রসঙ্গে তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ও হকারের কারণে নগরবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। সম্প্রতি মিরপুর-১০ থেকে হোপ মার্কেট পর্যন্ত দীর্ঘদিনের দখলে থাকা ফুটপাত স্থানীয় জনগণের সহযোগিতায় দখলমুক্ত করা হয়েছে।
শফিকুল ইসলাম খান বলেন, ফার্মগেটসহ যেসব এলাকায় ফুটপাত দখল রয়েছে, পর্যায়ক্রমে সেসব এলাকাতেও অভিযান চালানো হবে।