বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে জেলি মিশিয়ে বাগদা চিংড়ি বিক্রির দায়ে মাহবুবুল আলম (৩৫) নামে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আট কেজি জেলি মেশানো চিংড়ি জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়।
রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার শাকপুরা সাপ্তাহিক বাজারে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসানের প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩১ ধারায় ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান বলেন, মাছের সঙ্গে জেলি মিশিয়ে বিক্রি করা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এটি ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাছ বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীদের আইন মেনে চলতে হবে।