প্রতিনিধি: মুহাম্মদ আকতার উদ্দিন
চট্টগ্রামের পটিয়ায় হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের পটিয়া উপজেলা শাখার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঈদুল মোল্লাপাড়ায় অবস্থিত শাহমজিদিয়া নূরানী তালিমুল কুরআন মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পটিয়ার বিভিন্ন মাদ্রাসার প্রায় ১৫০ জন হিফজ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উদ্বোধক ও তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মদ আকতার উদ্দিন। সভাপতিত্ব করেন মাওলানা নুরুল আবছার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক মুফতি বেলাল উদ্দীন আজাদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সেক্রেটারি হাফেজ মাওলানা ইয়াছিন আরাফাত।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রশিদ, হাফেজ মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা হাসান, হাফেজ মিজান, হাফেজ শাহান আহমেদ রায়হান, হাফেজ সোলাইমান মাওলানা মিনহাজ, শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ২৮ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও ইয়েস কার্ড প্রদান করা হয়। এ ছাড়া আরও ১০০ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য নাশতা ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
প্রতিযোগিতাটি সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়িত্ব পালন করেন। এ জন্য মুহাম্মদ আকতার উদ্দিন সংশ্লিষ্ট কমিটির সদস্য, আয়োজক, শিক্ষক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রতিযোগিতা পবিত্র কুরআন হিফজে শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে এবং হাফেজে কুরআনদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত ছয়জন বিচারক, শাহমজিদিয়া নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার মালিক এবং এলাকাবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।