গাজী হানিফ,হাটহাজারী
চট্টগ্রামের হাটহাজারীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে প্রকাশ্যে মদ্যপান ও মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় আলাওল পেট্রোল পাম্পের পাশে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রকাশ্যে মদ্যপান ও মাদক সেবনের মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মো. জাহাঙ্গীর (৪৬) ও আবুল হোসেন (৫০) নামে দুই ব্যক্তিকে অর্থদণ্ডের পাশাপাশি ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এ সময় অভিযানে সহযোগিতা করে হাটহাজারী মডেল থানা পুলিশ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য ও অভিযোগ উপজেলা প্রশাসন অথবা হাটহাজারী মডেল থানায় জমা দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।