
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে ইকরা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খরঞ্জপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ইকরা ওই এলাকার প্রবাসী বাবলুর মেয়ে। দুই মেয়ের মধ্যে সে ছোট।
পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির রান্নাঘরের পেছনে খেলছিল ইকরা। এ সময় একটি সাপ তার বাম পায়ের পাতায় কামড় দেয়। পরে সে মাকে গিয়ে বলে, ‘আম্মু, সাপে কামড় দিছে।’
পরিবারের সদস্যরা তার পায়ে তিনটি বাঁধন দিয়ে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ইকরার বড় চাচি মাজেদা বেগম বলেন, সাপে কামড় দেওয়ার প্রায় আধা ঘণ্টা পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিজওয়ান বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাপে কামড়ের এক শিশুকে হাসপাতালে আনা হয়। তখন তার অবস্থা আশঙ্কাজনক ছিল। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল এবং সে অচেতন ছিল।
তিনি বলেন, ‘তাকে সাপে কামড়ের ওষুধ, অক্সিজেন ও প্রয়োজনীয় ইনজেকশন-মেডিসিন দেওয়া হয়েছিল। সাপটি দেখা যায়নি। তবে লক্ষণ দেখে এটি সাপে কামড়ের ঘটনা বলেই মনে হয়েছে।’