
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে পৌরসভা হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) এর অধীনে Package No: IUGIP/MP/04 এর আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবদুর রহমান।
চন্দনাইশ পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকারের সভাপতিত্বে ও উপ-সহকারী প্রকৌশলী রাজীব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার, উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ, শেলটেকের সিনিয়র কনসালটেন্ট ও নগর পরিকল্পনাবিদ মো. শাহাদাত হোসাইন, সহকারী নগর পরিকল্পনাবিদ সাবিয়া ইসলাম মিলি ও ইমতিয়াজ সনেট, উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম. ছালেহ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ইলিয়াছ, উপজেলা এনজিও ফেডারেশনের সভাপতি নুরুল হক চৌধুরী, বিএনপি নেতা নুরুল কবির কমিশনার, মোরশেদুল আলম, সিরাজুল ইসলাম, আযম খান, আইনুল হুদা ও সাইফুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ, সাংবাদিক ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কর্মশালায় শেলটেক কনসালটেন্সি প্রাইভেট লিমিটেডের নগর পরিকল্পনাবিদরা পৌর এলাকার ৯টি ওয়ার্ডের সমস্যাসমূহ তুলে ধরে অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির সংকট, বিদ্যুতের লোডশেডিং, জলাবদ্ধতা, জন্ম-মৃত্যু নিবন্ধন জটিলতা, প্রতিবন্ধী সেবা, মাদক ও ইভটিজিং এবং সড়ক অবকাঠামোর দুরবস্থাসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়।
কর্মশালায় স্থানীয় নাগরিকরাও নিজ নিজ ওয়ার্ডের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।