
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ২৩৯ কেজি পোনামাছ অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার হকখালী খাল, রায়খালী খাল ও ২৫টি প্রাতিষ্ঠানিক পুকুরে এসব পোনামাছ অবমুক্ত ও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, মানুষের আমিষের চাহিদা পূরণে মাছ গুরুত্বপূর্ণ। মৎস্য সম্পদ সঠিকভাবে ব্যবহার করে জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, ‘আমরা চাই, আমাদের মাছে-ভাতে বাঙালি ঐতিহ্য যেন আগামী দিনের ছেলেমেয়েরাও ধরে রাখতে পারে। অনেক মাছ ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত মাছগুলো কীভাবে আবার ফিরিয়ে আনা যায় এবং মৎস্য শিল্পকে কীভাবে রক্ষা করা যায়, সে বিষয়ে কাজ করতে হবে।’
এরশাদ উল্লাহ আরও বলেন, আল্লাহর দেওয়া এই মৎস্য সম্পদ সঠিকভাবে ব্যবহার করে জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসানের পরিচালনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুমন তালুকদার, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা প্রকৌশলী মো. কামরুজ্জামান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্যসচিব হামিদুল হক মন্নান এবং দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগরসহ অনেকে উপস্থিত ছিলেন।