
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি রান্নাঘর থেকে প্রায় সাত ফুট লম্বা বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তালতল এলাকায় বিদগ্রাম সূর্য ডাক্তারের বাড়ির আশীষ দের রান্নাঘর থেকে সাপটি উদ্ধার করা হয়।
ন্যাচার কনজারভেশন এলায়েন্স বাংলাদেশ টিমের সিনিয়র রেসকিউয়ার অয়ন মল্লিক সাপটি উদ্ধার করেন। এ সময় তাঁর সহকারী হিসেবে ছিলেন অন্তু বিশ্বাস।
অয়ন মল্লিক বলেন, “আশীষ দে রান্নাঘরে সাপটি দেখতে পেয়ে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করি। শঙ্খিনী সাপটি প্রায় সাত ফুট লম্বা। উদ্ধারের পর সাপটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।”
তিনি বলেন, শঙ্খিনী বিষধর সাপ। প্রশিক্ষণ ছাড়া সাপ উদ্ধারের চেষ্টা না করে নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত।