
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মসূচির অংশ হিসেবে চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেলে উপজেলার গাছবাড়িয়া এলাকার মক্কা পেট্রোল পাম্প থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে খানহাট হাজী এনু মিয়া শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনায়েন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চন্দনাইশ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম।সমাবেশে বক্তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি পালনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিজানুর রহমান, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, মো. আজগর, জয়নাল আবেদীন সোহেল, হাসান মুরাদ, যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেন, আবু তৈয়ব রিপন, এবিএম রহিম, মো. রহিম উদ্দীন, আমিনুল ইসলাম, আবদুল মান্নান, বদিউল আলম, মো. দুলাল, মো. আজিজ, মো. সাখাওয়াত উল্লাহ, আজিজুর রহমান, মো. আমান উল্লাহ, মো. মানিক, মো. মোরশেদ, মো. লিটন, মো. রাসেল, মো. হিরু, নাজিম উদ্দীন, মো. শাহজাহান ও মো. সালাহ উদ্দীনসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।