
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে নিরাপত্তাজালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরো সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের পাশে একটি চায়ের দোকানের নিরাপত্তাজাল থেকে সাপটি উদ্ধার করেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন।
আমীর হোসাইন শাওন বলেন, চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের পাশে একটি চায়ের দোকানের নিরাপত্তাজালে প্রায় ৪ ফুট লম্বা একটি পদ্ম গোখরো আটকে ছিল। খবর পেয়ে সাপটি উদ্ধার করে নিরাপদ স্থানে বনে অবমুক্ত করা হয়।
তিনি বলেন, সাপটির বয়স আনুমানিক সাড়ে ৩ থেকে ৪ বছর। এ সময়ে পদ্ম গোখরো ডিম দেয়। সম্ভবত ডিম দেওয়ার জন্য নিরাপদ স্থান খুঁজতে গিয়ে সাপটি জালে আটকে পড়েছিল।
শাওন আরও বলেন, পদ্ম গোখরোর ফণার পেছনে সাধারণত গোলাকার ‘ও’ আকৃতির মনোকল মার্ক থাকে। দূর থেকে এটি বড় চোখের মতো দেখায়। তবে সম্প্রতি উদ্ধার হওয়া কয়েকটি পদ্ম গোখরোর ক্ষেত্রে এই চিহ্ন অসম্পূর্ণ বা অর্ধচন্দ্রাকৃতির দেখা গেছে। জিনগত তারতম্যের কারণে এমনটি হতে পারে।