
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পাঁচটি টিনশেড বসতঘর পুড়ে গেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দনগর মাইজপাড়া দুদুমিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
আগুনে শাহ আলম, আব্দুর রহিম, করিম, বাদশা মিয়া ও নুরুল আলমের বসতঘর পুড়ে যায়। আগুন লাগার সময় ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী শাহ আলমের দাবি, আগুনে নগদ তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।