
বোয়ালখালী প্রতিনিধি:
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, লাগামহীন দ্রব্যমূল্য, মাদক, খুন-ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং চাকরিচ্যুতদের পুনর্বহাল, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ ৯ দফা দাবিতে চট্টগ্রামের বোয়ালখালীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সভাপতি স ম এনামুল হক। পৌরসভা ইসলামী ফ্রন্টের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন যুবসেনা বোয়ালখালীর সভাপতি এস কে এম জাহাঙ্গীর আলম।
প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবসেনার সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ জেলা ছাত্রসেনার সভাপতি আরিফুল ইসলাম ইমন এবং পৌরসভা যুবসেনার সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম ইফতি।
প্রধান অতিথির বক্তব্যে স ম এনামুল হক বলেন, ‘সরকার কোনো কারণ ছাড়া রাতের আঁধারে তেলের দাম বৃদ্ধি করেছে। এটি অত্যন্ত নিন্দনীয়। অনতিবিলম্বে তেলের দাম সমন্বয় করতে হবে।’
বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়ছে। এর সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে। মাদকদ্রব্যের উৎপাদন ও সেবন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি খুন-ধর্ষণ বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান তারা।
এ ছাড়া ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিচ্যুতদের পুনর্বহাল, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ এবং বোয়ালখালীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিও তুলে ধরেন বক্তারা।
এ সময় বোয়ালখালী ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক আকতার হোসেন তালুকদার, ফ্রন্ট নেতা সৈয়দ মোহাম্মদ আজম, জসিম উদ্দিন, আলম খান চৌধুরী, মাওলানা সোহাইল আজাদ ও কাজী শামসুল আলম, যুবসেনার নেতা মো. সোহরাব হোসেন, মামুন উদ্দিন মেম্বার ও তৌহিদুল ইসলাম এবং ছাত্রসেনার নেতা মো. নাঈম রেজা ও মো. আরমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাবেক ভাইস চেয়ারম্যান ও বোয়ালখালী ইসলামী ফ্রন্টের সিনিয়র সহসভাপতি ওবাদুল হক হক্কানী।