
নীলফামারীতে মাদকের তিন মামলার চার্জশিটভুক্ত আসামি সুজনের মুক্তির দাবিতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি অ্যাকশনে কয়েকজন সমর্থক আটক হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে আটক সুজনের সমর্থকেরা সংগঠিত হয়ে নীলফামারী এসপি কার্যালয় ঘেরাও করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে শুক্রবার ডিমলা উপজেলা থেকে মাদকের তিনটি মামলার চার্জশিটভুক্ত আসামি সুজনকে আটক করে নীলফামারী জেলা পুলিশের একটি বিশেষ দল।
পরদিন শনিবার বিকেলে সুজনের মুক্তির দাবিতে তার সমর্থকেরা এসপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে কয়েকজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ডিবিতে ডিমলা থানা এলাকার একজন আসামি ছিল। তাকে আদালতে নেয়ার সময় কয়েকজন হট্টগোল করে পুলিশের কাজে বাধা দেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে ২০ জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এ বি এম ফয়জুল ইসলাম বলেন, একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ তাদের ধাওয়া করে কয়েকজনকে আটক করে সদর থানায় নিয়ে যায়।