
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন পেতে ৪৮ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে ফরম জমা নেওয়া হয়। উপজেলার আট ইউনিয়নের মধ্যে চরণদ্বীপে ১০ জন, সারোয়াতলীতে ৯, শাকপুরায় ৮, পোপাদিয়ায় ৭, কধুরখীলে ৫, শ্রীপুর-খরণদ্বীপে ৫, আমুচিয়ায় ৩ এবং করলডেঙ্গায় একজন ফরম জমা দিয়েছেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ২৯ সেপ্টেম্বরের সভার সিদ্ধান্ত অনুযায়ী, তৃণমূল পর্যায় থেকে সম্ভাব্য প্রার্থী বাছাই, জনমত ও সাংগঠনিক অবস্থান পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলার নেতাদের সমন্বয়ে উপজেলা ভিত্তিক যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়।
বোয়ালখালী উপজেলা যাচাই-বাছাই কমিটিতে রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, সদস্য শওকত আলম চৌধুরী, জাবেদ মেহেদী হাসান সুজন ও মোহাম্মদ শাহীনুর শাহীন।
দলীয় সূত্র জানায়, যাচাই-বাছাই কমিটি স্থানীয় সংসদ সদস্য ও সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করার পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামত নেবে। পরে প্রার্থীদের জনসমর্থন, সাংগঠনিক সক্ষমতা ও স্থানীয় অবস্থানসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে সম্ভাব্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা করা হবে। সেই তালিকা ও প্রতিবেদন ১০ দিনের মধ্যে জেলা বিএনপির কাছে পাঠানোর কথা রয়েছে।
দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যাচাই-বাছাই কমিটির সদস্য আজিজুল হক বলেন, “বোয়ালখালীতে মোট ৪৮টি মনোনয়ন ফরম জমা পড়েছে। এর মধ্য দিয়ে ফরম জমা দেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। আগামী রবিবার যাচাই-বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।”
এদিকে বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপে কবে নির্বাচন হবে, তা আগামী সোমবার জানানো হবে।