
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার শাকপুরা আরকান সড়কের মিলিটারিপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৪ বছর।
স্থানীয়দের ধারণা, সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির কোনো গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর শরীরে কোনো জামা ছিল না। পরনে ছিল লুঙ্গি।
বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি সনাতন ধর্মাবলম্বী বলে ধারণা করা হচ্ছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।