
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ের সন্দেহে আশরাফুল ইসলাম দিপু (৩৮) নামে এক পুলিশ কর্মকর্তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
সোমবার (২ নভেম্বর) রাত উপজেলার পূর্ব চরণদ্বীপ এলাকায় তদন্তের কাজে গিয়ে এ ঘটনা ঘটে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, বোয়ালখালী থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম দিপু পরিদর্শক (তদন্ত) নুরুল আলমের সঙ্গে পূর্ব চরণদ্বীপ এলাকায় তদন্তের কাজে যান। সেখানে তাঁর শরীরে সাপের কামড়ের মতো দুটি দাগ দেখা যায়। এ সময় ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। পরে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এসআই আশরাফুল ইসলাম দিপু জানান, তাঁর শরীরে সাপের কামড়ের মতো দুটি দাগ দেখতে পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা অজ্ঞাত কামড়ের (আননোন বাইট) চিকিৎসা হিসেবে তাঁকে অ্যান্টিভেনম দেন।
বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম বলেন, রাতে পূর্ব চরণদ্বীপ এলাকায় তদন্তের কাজে গেলে এ ঘটনা ঘটে। তবে কী সাপে কামড় দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহ জালাল বলেন, রাত সাড়ে ১১টার দিকে ওই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে সাপের কামড়ের মতো দুটি দাঁতের চিহ্ন রয়েছে। তবে কী সাপে কামড় দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। অজ্ঞাত কামড়ের কারণে তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখে তাঁর চিকিৎসা চলছে।