
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পারিবারিক জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নেজাম উদ্দিন (৪৫) ওই গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। তিনি শাকপুরার লালারহাট এলাকায় একটি মুদির দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জমিজমা নিয়ে নেজাম উদ্দিনের সঙ্গে তার ছোট ভাই মো. সুমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন মাথায় আঘাত করলে নেজাম উদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সুমন পলাতক রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত বলেন, “বিকেল সাড়ে ৫টার দিকে নেজাম উদ্দিনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।”
শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুনছুরুল হক জানান, নেজাম উদ্দিন তার ভাইঝির স্বামী। প্রায় দেড় বছর আগে তিনি বিয়ে করেন। তিনি নিজ বাড়িতে না থেকে শ্বশুরবাড়িতে থাকতেন। তার স্ত্রী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা।
তিনি বলেন, “বাড়িতে ভাইয়েরা কাজ করছেন জানতে পেরে নেজাম সেখানে যান। এ সময় জমিজমা নিয়ে বিরোধের একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলছিল। পরিবারের দাবি, তাকে আগেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল।”
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, “মধ্যম শাকপুরা এলাকায় জায়গা-জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক ভাই অপর ভাইকে মাথায় আঘাত করেন। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।”