
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী ফুটবল একাডেমির ৭১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হাজী আবু আকতারকে সভাপতি এবং জাতীয় ফুটবল খেলোয়াড় তৌহিদুল আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বোয়ালখালী পৌর সদরের একটি রেস্তোরাঁয় একাডেমির বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি হাজী আবু আকতার। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সংগঠক জসিম উদ্দিন।
নতুন কমিটির নাম ঘোষণা করেন একাডেমির উপদেষ্টা ও সাংবাদিক মো. সিরাজুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন হাজী আবু আকতার, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, সাংবাদিক সিরাজুল ইসলাম, হেলাল উদ্দিন টিপু ও প্রকৌশলী জাহাঙ্গীর আলম চৌধুরীসহ প্রমুখ।
২০১৯ সালে প্রতিষ্ঠিত বোয়ালখালী ফুটবল একাডেমি ‘ক্রীড়াই ঐক্য’ স্লোগান নিয়ে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ও খেলোয়াড় তৈরিতে কাজ করছে। নতুন কমিটির মাধ্যমে একাডেমির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা সবার।