
প্রতিনিধি | মুহাম্মদ আকতার উদ্দিন
চট্টগ্রামের পটিয়ায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘সেরা প্রতিভার সন্ধানে ২০২৭’ শীর্ষক গাউছুল আজম মাইজভাণ্ডারী ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পটিয়া উপজেলা পর্যায়ের অডিশন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পটিয়া পৌরসভার খাসমহল রোডের গাজী কনভেনশন হলে এ অডিশন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী হিফজুল কুরআনের শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পায়।
প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতা করছেন আওলাদে রাসুল, দরবারে গাউছুল আজমের সাজ্জাদানশীন, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আলহাজ্ব হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)।
এতে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আওলাদে রাসুল, নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)।
পবিত্র কুরআনের হিফজ ও তিলাওয়াতে প্রতিভাবান শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং জাতীয় পর্যায়ে যোগ্য হাফেজদের তুলে ধরার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আয়োজকদের এ উদ্যোগ কুরআন শিক্ষায় নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
স্থান: গাজী কনভেনশন হল, খাসমহল রোড, পটিয়া পৌরসভা, চট্টগ্রাম।