
বোয়ালখালী প্রতিনিধি:
মেধাবী শিক্ষার্থী খুঁজে বের করা এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৬। আগামী ২৬ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার সারোয়াতলীতে শহীদ আব্দুল গফুর স্মৃতি সংসদ কার্যালয়ে পরীক্ষার পাঠ্যসূচি উন্মোচন করা হয়। পাঠ্যসূচি উন্মোচন করেন জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপক এস এইচ এম কুতুব উদ্দিন।
বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষায় তৃতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও মানসিক দক্ষতা বিষয়ে তিন ঘণ্টার এ পরীক্ষার পূর্ণমান ১০০।
পরীক্ষায় ট্যালেন্টপুল, গ্রেড-১ ও গ্রেড-২—এই তিন ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রথম তিন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ল্যাপটপ, ডেস্কটপ ও ট্যাব। এ ছাড়া ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থীকে এক বছর শিক্ষাবৃত্তি দেওয়া হবে।
পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব আনিস উদ্দীন আসিফ এসব তথ্য জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস কে এম আজিজুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ আজগর আলী, বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক ছরোয়ার-ই-আলম চৌধুরীসহ সংগঠনের নেতারা।
আয়োজকেরা জানান, ১৯৭১ সালের ১৯ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হন আব্দুল গফুর। তাঁর স্মৃতি স্মরণীয় করে রাখতে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের শিক্ষার অগ্রযাত্রায় সহযোগিতা করা হবে।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের মেধা ও জ্ঞান দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজে লাগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।