
বোয়ালখালী প্রতিনিধি:
পবিত্র ১২ রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে এবং জশনে জুলুছের সফলতার লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে উপজেলার মীরপাড়াস্থ খানকা থেকে এ শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পোপাদিয়া-আকুবদণ্ডীর হযরত নেয়ামত আলী শাহ ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক কাজী এম এ জলিলের ব্যবস্থাপনায় এবং উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মুন্সির সভাপতিত্বে সমাপনী জলসা, মিলাদ, কিয়াম ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আলহাজ্ব মাওলানা এম. এ. মান্নানের ছদরাতে অনুষ্ঠিত শোভাযাত্রায় মোটরসাইকেল ও পিকআপ নিয়ে কয়েক হাজার আশেকে রাসুল অংশ নেন।
বৃহত্তর বোয়ালখালী জুলুছ প্রস্তুতি কমিটির সদস্যসচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আবুল মনছুর সওদাগর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সহসভাপতি কাজী ওবায়দুল হক হক্কানি, আলহাজ্ব শেখ মুহাম্মদ সালাহউদ্দিন ও মাওলানা আব্দুন নবী।
এ সময় আরও উপস্থিত ছিলেন এস এম মমতাজুল ইসলাম, আবুল মনছুর দৌলতী, মাওলানা জয়নুল আবেদীন আলকাদেরী, মাওলানা ফখরুদ্দীন, আলম খান, কাজী মিজানুল কাদের, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহীম, আবু সালেহ সাইফুল হক, ইসকান্দর আলম দিদারসহ গাউসিয়া কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাপনী জলসায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। মহানবীর পবিত্র জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান তারা।