বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে বিদ্যুৎ বিপর্যয়, ব্যাহত পানি-চিকিৎসা-ব্যবসা

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় এক লাখ গ্রাহক। গত শুক্রবার রাত ২টা থেকে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দেওয়ার পর দুই ঘণ্টা পরপর মাত্র আধা ঘণ্টার মতো বিদ্যুৎ মিলছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবায় নেমে এসেছে স্থবিরতা। বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহ ব্যবস্থাও ভেঙে পড়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ির পানির ট্যাংকে পানি তোলা সম্ভব হচ্ছে না। ফলে রান্না, গোসল ও নিত্যপ্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ বেড়েছে।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল বলেন, তাঁর চার মাস বয়সী সন্তানকে নিয়মিত নেবুলাইজার দিতে হয়। কিন্তু বিদ্যুৎ না থাকায় সময়মতো নেবুলাইজ করা যাচ্ছে না। এতে সন্তানের শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
একটি ভবনে ৩৬টি পরিবারের বসবাস উল্লেখ করে পলাশী ধর নামে এক শিক্ষিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভবনটিতে পানির সংকট দেখা দিয়েছে। রান্না, গোসল, ওয়াশরুম ব্যবহারসহ নিত্যপ্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে। এত মানুষের বসবাসের ভবনে বিদ্যুৎ না থাকলেও পানি সরবরাহ সচল রাখতে জেনারেটরের ব্যবস্থা থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ বিপর্যয়ের প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যেও। কড়লডেঙ্গা ইউনিয়নের আছাদিয়া বেকারির ম্যানেজার আজাদ বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে শুক্রবার থেকে প্রস্তুত করা কাঁচামাল নষ্ট হয়ে গেছে। বিদ্যুতের অভাবে খাদ্যপণ্য উৎপাদনও বন্ধ রয়েছে। এতে ২০ হাজার টাকার বেশি ক্ষতির আশঙ্কা করছেন মালিকপক্ষ।
এদিকে শুক্রবার রাত ২টা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত টানা প্রায় ১৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় মোবাইল যোগাযোগ ও ইন্টারনেট সেবাও ব্যাহত হয়। বন্ধ হয়ে যায় অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম। চলমান এইচএসসি পরীক্ষাতেও এর প্রভাব পড়ে।
এইচএসসি পরীক্ষার্থী ইমতিয়াজ আহমেদ বলেন, বিদ্যুৎ না থাকায় অসহনীয় গরমের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে। অতিরিক্ত ঘামে তাঁর পরীক্ষার খাতা পর্যন্ত ভিজে যায়।
স্বাস্থ্যসেবাতেও দেখা দিয়েছে উদ্বেগ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানুনুল হক মামুন বলেন, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকলে হাসপাতালের জেনারেটরের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে জেনারেটর নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বিদ্যুৎ সমস্যার কারণে পরীক্ষা-নিরীক্ষাসহ অন্তর্বিভাগ ও বহির্বিভাগের রোগীদেরও অস্বস্তিতে পড়তে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নিয়ন্ত্রণাধীন টি.কে. সাবস্টেশনের একটি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় এ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। পিজিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমারটি পুনরায় চালু করতে প্রায় এক মাস সময় লাগতে পারে।
টি.কে. সাবস্টেশন থেকে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোয়ালখালী এলাকায় দুটি ৩৩ কেভি ফিডারের মাধ্যমে প্রায় এক লাখ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা হতো। বর্তমানে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হলেও তা চাহিদার তুলনায় অনেক কম। ফলে ঘন ঘন লোডশেডিং হচ্ছে।
পিজিসিবি সূত্র জানায়, টি.কে. কেমিক্যালের বকেয়া টাকা এবং কম বিদ্যুৎ ব্যবহারের কারণে গ্রিডের দুটি ফিডার অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি।
সাবস্টেশনে ত্রুটির খবর পেয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, পিজিসিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেন। দ্রুত প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোয়ালখালী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শ ম মিজানুর রহমান।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার প্রতিস্থাপনের কাজ তদারকি করা হচ্ছে। পাশাপাশি বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews