
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে তিন পরিবারের সদস্যদের হাত ও চোখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার(১৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুস সত্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, ভোররাতে ৬-৭ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে তিন পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে তাদের হাত ও চোখ বেঁধে মারধর করা হয়।
তাদের ভাষ্য, ডাকাতেরা দুটি স্বর্ণের চেইন, দুই জোড়া স্বর্ণের কানের দুল, একটি নাকফুল, এক জোড়া ডায়মন্ডের কানের দুল, দুই জোড়া রূপার নুপুর, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৪১ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া একটি ব্যাটারিচালিত অটোরিকশাও নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তারা।
ভুক্তভোগী সাদিয়া আফরোজ আমুচিয়া শাহ মজিদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা। তিনি বলেন, রাত ৩টার দিকে ৬-৭ জনের একটি দল অস্ত্র নিয়ে তাঁদের জিম্মি করে। তাঁর স্বামী শরিফুল ইসলামসহ পাঁচজনের হাত ও চোখ বেঁধে মারধর করা হয়।
অটোরিকশাচালক নুরুল আবছার রুবেল বলেন, প্রথমে রান্নাঘরের জানালার গ্রিল কাটে দুর্বৃত্তরা। পরে ১২ বছর বয়সী এক শিশুকে দিয়ে পেছনের দরজা খুলিয়ে ঘরে ঢোকে। এরপর তাঁর গলায় ছুরি ধরে তাঁকে বেঁধে ফেলা হয়। পরে তিন পরিবারের সদস্যদের তাঁর কক্ষে নিয়ে হাত বেঁধে রাখা হয়।
রুবেলের ভাষ্য, ঘর তছনছ করে ২৫ হাজার টাকা এবং তাঁর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যায় তারা।
জিয়াউর রহমানের স্ত্রী ঝর্ণা আক্তার বলেন, তাঁর কোলের এক বছরের শিশুকে কেড়ে নেওয়ার হুমকি দেয় ডাকাতেরা। পরে কান্নাকাটি করে শিশুটিকে তাদের হাত থেকে উদ্ধার করেন তিনি।
তিন পরিবার একই ভবনে ভাড়া থাকতেন বলে জানা গেছে।
ঘটনার পর বোয়ালখালী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, উত্তর কড়লডেঙ্গায় রাতে একটি ঘটনা ঘটেছে। এটি চুরি নাকি ডাকাতি, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত করছে।
তিনি বলেন, কাটার দিয়ে গ্রিল কেটে একটি শিশুকে ভেতরে ঢুকিয়ে ঘটনাটি ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।