
বোয়ালখালী প্রতিনিধি:
আকাশে নানা রঙের ফানুস উড়িয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে রোববার (২৫ অক্টোবর) উপজেলার বিভিন্ন বৌদ্ধবিহারে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে বিভিন্ন বিহারে বুদ্ধপূজা, শীল গ্রহণ ও প্রার্থনায় অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দিনভর বিহারগুলোতে ছিল পূজার্থীদের উপস্থিতি। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন ও প্রার্থনার পাশাপাশি আকাশে ওড়ানো হয় নানা রঙের ফানুস। এ সময় উৎসবমুখর হয়ে ওঠে বিহার প্রাঙ্গণ।
প্রবারণা পূর্ণিমা আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। তিন মাসের বর্ষাব্রত শেষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এ উৎসব পালন করেন। উৎসবের অংশ হিসেবে বুদ্ধ ও সীবলী পূজা, ধর্মালোচনা, বুদ্ধসংকীর্তন এবং বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনার আয়োজন করা হয়।
উপজেলা সূত্রে জানা গেছে, এবার বোয়ালখালীতে ৪৯টি বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। এর মধ্যে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে ১৮টি, আহলা-কড়লডেঙ্গায় ৯টি, শাকপুরায় ৭টি, পৌরসভায় ৫টি, আমুচিয়ায় ৩টি, চরণদ্বীপে ২টি, সারোয়াতলীতে ১টি এবং উপজেলা সদরে ১টি বিহার রয়েছে। এ ছাড়া পোপাদিয়া ইউনিয়নে কোনো বৌদ্ধবিহার নেই।