
বোয়ালখালী প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে ‘আলোকিত প্রজন্ম উৎসব-২০২৬’, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার ৯ নম্বর আমুচিয়া ইউনিয়নের খরঞ্জপাড়া চৌধুরী বাড়ি এলাকায় দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে বগাচড়া সবুজ সংঘ।
সংগঠনের সভাপতি মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমুচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দা সাজিয়া এমদাদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আহমেদ হোসাইন, সমাজসেবক হাজী আবুল বশর, মোহাম্মদ রুস্তম আলী চৌধুরী, ডা. মোস্তাফিজুর রহমান, হাসেম চৌধুরী, গোলাম হোসাইন ঈমন, ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ ও আবু তাউসিফ সজিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা ও উত্তম চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে নৈতিক ও মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন তারা।
উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে কিরাত, হামদ ও নাতে রাসুলসহ বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে কৃতি শিক্ষার্থী ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে ক্রেস্ট, উপহার সামগ্রী, বই ও পরিবেশবান্ধব ঔষধি গাছ তুলে দিয়ে সম্মাননা দেওয়া হয়।
প্রধান অতিথি সৈয়দা সাজিয়া এমদাদ বলেন, মহানবী (সা.)-এর আদর্শকে সামনে রেখে মেধাবী, নৈতিক, মানবিক, মাদকমুক্ত ও পরিবেশবান্ধব প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ‘আলোকিত প্রজন্ম উৎসব-২০২৬’ আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদেরও এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।
সবশেষে মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।