
গাজী হানিফ,হাটহাজারী প্রতিনিধি
তথ্যপ্রযুক্তির সহায়তা, গোপন তথ্য এবং আগে গ্রেফতার হওয়া সন্ত্রাসী ডেভিড ইমন ও কালা মোবারকের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রটির সদস্যদের শনাক্ত করা হয়। পরে ৭ সেপ্টেম্বর রাত ২টা থেকে টানা ২৪ ঘণ্টা হাটহাজারী, বায়েজিদ বোস্তামী ও খুলশী এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কামরুল হাসান ওরফে সাগর, মো. রিকু, মো. তরিকুল ইসলাম ওরফে রোহিত, আহমদুল্লাহ ওরফে মাসুম মেম্বর, আহমদ রেজা শাকিল, মো. মানিক ও নুরুল আলম।
অভিযানে উদ্ধার করা হয় একটি তলোয়ার, একটি চাপাতি, একটি ছুরি, একটি টিপছোরা এবং বিদেশি নম্বরসহ চারটি মোবাইল ফোন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ডেভিড ইমন, কালা মোবারক, বড় সাজ্জাদ ও রায়হানসহ বিভিন্ন সন্ত্রাসীর সহযোগী হিসেবে কাজ করার পাশাপাশি তাদের নাম ব্যবহার করে আলাদা চাঁদাবাজ চক্র গড়ে তোলে। তারা ব্যবসায়ী ও বিত্তবান ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে বিদেশি নম্বর ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।