
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক বিক্রির দায়ে মোরশেদ আলম (২৪) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মসজিদঘাট এলাকা থেকে মোরশেদকে গ্রেপ্তার করে পুলিশ।
মোরশেদ ওই এলাকার হাসি মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন।
ওসি মোজাফফর হোসেন বলেন, মাদক বিক্রির সময় পুলিশের একটি দল মোরশেদকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
পুলিশের উপপরিদর্শক (এসআই) নিং ওয়াই মারমা, সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুন্নবী সুমন ও ওসমান গনি অভিযানে অংশ নেন।